পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১২ জুন/”মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান, মহীপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা এস এম তাহের ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সায়েন্স প্রজেক্ট, স্টার্টআপ আইডিয়া ও ইনোভেশন প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের প্রজেক্ট ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দেখে উপস্থিত অতিথি দর্শনার্থীদের নজর কাড়ে।
ইউএনও কাশপিয়া তাসরিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে গড়ে তুলতে কাজ করছে। তাদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিতেই আজকের এ আয়োজন। আজকের তরুণরাই আগামী দিনের উদ্যোক্তা ও বিজ্ঞানী হবে এমন মন্তব্য করেন তিনি।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































